নির্বাচন সুষ্ঠু হয়েছে আওয়ামী লীগের জনপ্রিয়তাও বাড়ছে : এইচটি ইমাম

0
185
Print Friendly, PDF & Email

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইচটি ইমাম।
তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষে গতকাল বিকাল সাড়ে ৪টায় আওয়ামী সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এ সময় তিনি আজকে দেশের বিভিন্ন উপজেলায় নির্বাচন চলাকালে যে সহিংসতা হয়েছে তার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন। একই সঙ্গে তিনি তৃতীয় ধাপে অনুষ্ঠিত দেশের ৮১টি উপজেলায় নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে এইচটি ইমাম বলেন, বিএনপির সব অভিযোগই মিথ্যা। তারা সব সময়ই মিথ্যা বলছে। তিনি বলেন, আমরা সত্যের পক্ষে, প্রকৃত সত্য একদিন প্রকাশিত হবে।
গত ১৯ ও ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনপ্রাপ্তরা বেশিরভাগ ক্ষেত্রে পরাজিত হলেও আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি বলে দাবি করেন এইচটি ইমাম। এর একটি দীর্ঘ ব্যাখ্যাও তুলে ধরেন তিনি।
এইচটি ইমাম বলেন, প্রথম দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চাইতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বেশি উপজেলায় নির্বাচিত হলেও বেশিভাগ ভোটারই আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিয়েছেন। তিনি বলেন, প্রথম দফায় মোট ভোট পড়েছে, ৭৭ লাখ ৭৫ হাজার ১৮৩টি। এতে আওয়ামী লীগের সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীরা পেয়েছে ৫৪ দশমিক ৫ শতাংশ ভোট। দ্বিতীয় দফায় মোট ভোট পড়েছে ১ কোটি ৬৫ লাখ ৩ হাজার ১৫৩টি। এ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীরা পেয়েছে ৫৩ লাখ ৩৮ হাজার ৮২৩টি। এ দফায়ও শতকরা ৫৫ ভাগভোট আওয়ামী লীগের নেতারাই পেয়েছে। এর থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে।
তাছাড়া আজকে যেসব নির্বাচনী এলাকায় সহিংস ঘটনা ঘটেছে তার জন্য তিনি বিএনপি ও জামায়াতে ইসলামীকেই দায়ী করেছেন। আজ বিভিন্ন উপজেলায় বিএনপি, জামায়াত এবং ছাত্রশিবিরের কর্মীরা আওয়ামী লীগের প্রার্থী ও ভোটরদের ওপর হামলা করেছে বলেও অভিযোগ করেছেন আওয়ামী নেতা এইচটি ইমাম।

শেয়ার করুন