জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোবারক হোসাইন বলেছেন, সরকার অবৈধ অর্থলিপ্সা চরিতার্থ করতেই অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। কিন্তু দেশের মানুষ এই গণবিরোধী সিদ্ধান্ত কখনোই মেনে নেবে না।
রোববার রাজধানীতে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে তিনি একথা বলেন।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী এ কর্মসূচির আয়োজন করে।
মোবারক হোসাইন বলেন, আওয়ামী লীগ সরকারের অপশাসন, লাগামহীন লুটপাট ও সীমাহীন দুর্নীতির কারণে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে দেশের মানুষের আজ নাভিশ্বাস উঠেছে। জনগণের জীবনযাত্রার ব্যয় আশঙ্কাজনকভাবে বাড়লেও ক্রয় ক্ষমতা বাড়েনি। নতুন করে আবারো বিদ্যুতের দাম বৃদ্ধি হলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রাকে মারাত্মকভাবে দুর্বিসহ করে তুলবে।
এসময় তিনি অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় জনগণের তোপের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ, শেখ শরীফ উদ্দীন আহমদ, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত আমীর ডা. শফিউর রহমান, জামায়াত নেতা মোহ্ম্মাদ আলী, আলাউদ্দীন মোল্লা, আহমদুল্লাহ, শিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সেক্রেটারী তামীম আহমদ, ছাত্র নেতা রেজাউল করিম, তারিক আব্দুল্লাহ প্রমুখ।







