হাজারিবাগ ট্যানারির দূষণ নিয়ে উদ্বেগ

0
192
Print Friendly, PDF & Email

বুড়িগঙ্গায় দিনে যাচ্ছে সাড়ে ২১ হাজার ঘনমিটার বিষাক্ত বর্জ্য

আদালতের কাছ থেকে তিন দফা সময় নিয়েও স্থানান্তর প্রক্রিয়ার মন্থরগতি

স্থানান্তরের ক্ষেত্রে প্রকল্প এলাকায় শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, আবাসনসহ ৫০ একর জমি দাবি

রাজধানীর হাজারিবাগের চামড়া শিল্পের দূষণ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ফলে নানাবিধ রোগ-বালাই ছড়িয়ে পড়ছে হাজারিবাগ ও এর আশপাশের এলাকায়। বিশেজ্ঞরা বলছেন, জরুরি ভিত্তিতে এখানকার ট্যানারি কারখানাগুলো অন্যত্র সরিয়ে না নিলে পুরো এলাকায় ভয়ানক স্বাস্থ্যগত বিপর্যয় দেখা দিতে পারে। ট্যানারি সরানোর ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা ও পরবর্তী সময়ে আদালতের দেয়া দুই দফা সময়ও পেরিয়ে গেছে আরো অনেক আগেই। অবশ্য এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হাজারিবাগের ট্যানারি শিল্পকে সাভারে সরিয়ে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে। এ সংক্রান্ত প্রকল্পের মেয়াদে অর্থাত্ ২০১৬ সালের আগেই স্থানান্তরের সব কাজ শেষ হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ব্যাপারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ইত্তেফাককে বলেছেন, পরিবেশ রক্ষার স্বার্থে হাজারিবাগ ট্যানারি স্থানান্তরের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। তিনি ট্যানারি স্থানান্তর কার্যক্রম শুরু করতে উদ্যোক্তাদের প্রতিও আহবান জানান।

তবে ২০১৬ সালের মধ্যে স্থানান্তরের সব কার্যক্রম শেষ হবে বলে সরকারের পক্ষ থেকে করা দাবি কতটুকু বাস্তবসম্মত তা নিয়ে ট্যানারি শিল্পের উদ্যোক্তারা সন্ধিহান। মালিক পক্ষ মনে করছে, নির্ধারিত স্থানে স্থানান্তর হওয়ার আগে যেসব কার্যক্রম রয়েছে তা এখনও বাস্তবে কিছুই হয়নি।

শেয়ার করুন