বরিশালে শিবির কর্মীকে ছাদ থেকে ফেলে দিয়েছে ছাত্রলীগ

0
337
Print Friendly, PDF & Email

বরিশাল পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ও শিবির কর্মীকে ছাত্রাবাসের চতুর্থ তলার ছাদ থেকে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে। একই সময় ছাত্রলীগ নেতাকর্মীরা আরেক শিবির কর্মীকে মারধর করে গুরুতর আহত করেছে। তাদের দু’জনকেই শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রেজা, সৈকত, মাসুম ও সিফাত লাঠিসোটা নিয়ে কলেজের প্রধান ছাত্রাবাসের চতুর্থ তলার ৪০১ নাম্বার কক্ষে প্রবেশ করে শিবির কর্মী ইব্রাহীমকে খুঁজতে থাকে। ছাত্রলীগ কর্মীরা ইব্রাহীমের সাথে একই রুমে বসবাসরত শিমুলকে ফোন দিয়ে ইব্রাহীমকে ডেকে আনতে বললে শিমুল অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে শিমুলকে মারধর করে গুরুতর আহত করা হয়। নির্যাতনের একপর্যায়ে শিমুল ফোন দিয়ে ইব্রাহীমকে ডেকে আনতে বাধ্য হয়। পরে ছাত্রলীগ কর্মীরা ইব্রাহীমকে ৪০১ নাম্বার কক্ষে আটকে বেধম মারধর করে চতুর্থ তলার ছাদ থেকে নিচে ফেলে দেয়। পরে কলেজের অন্য শিক্ষার্থীরা ইব্রাহীম ও শিমুলকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ইব্রাহীমের অবস্থা আশংকাজনক।

ইব্রাহীমের বাড়ি জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামে। সে ওই গ্রামের হাতেম আলীর পুত্র ও বরিশাল পলিটেকনিক্যাল কলেজের অস্টম সেমিষ্টারের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র। আহত অপর ছাত্র শিমুল রাজশাহী জেলা শহরের মনিরুল ইসলামের পুত্র ও একই কলেজের চতুর্থ সেমিষ্টারের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র। একই কলেজে পড়াশুনা করার সুবাদে তারা প্রধান ছাত্রাবাসের পূর্ব ব্লকের চতুর্থ তলায় ৪০১ নাম্বার কক্ষে থাকতেন।

ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
উৎসঃ শীর্ষ নিউজ

শেয়ার করুন