বাংলাদেশের টেস্ট খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। একইসঙ্গে দ্বিস্তর ক্রিকেট নীতিতে বাংলাদেশের সমর্থন দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। মঙ্গল ও বুধবার দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নির্বাহী পরিষদের সভায় যোগদান শেষে দেশে ফিরে বৃহস্পতিবার দুপুরে মিরপুরে বিসিবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
পাপন বলেন, টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশের বাদ পড়ার সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখছি না। র্যাংকিংয়ের শীর্ষ আটটি দেশ ছাড়া আইসিসির সদস্যভুক্ত বাকি দেশগুলোর টেস্ট স্ট্যাটাস বাতিল সংক্রান্ত প্রস্তাব বিষয়ে আস্থা হারানোর মতো কিছু ঘটেনি বলেও জানান বিসিবি সভাপতি।
তবে, বিসিবির নির্বাহী পরিষদের বৈঠক ও ভোট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, দ্বিস্তর ক্রিকেট নীতি ও আইসিসি ঢেলে সাজানোর নামে ৠাংকিংয়ের শীর্ষ আটটি দেশ ছাড়া বাকি দেশগুলোর টেস্ট স্ট্যাটাস বাতিলের প্রস্তাব উত্থাপন করে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তিন মোড়ল দেশের এই প্রস্তাব ও ক্রিকেটের অন্যান্য বিষয়াদি নিয়েই ২৮ থেকে ২৯ জানুয়ারি বৈঠকে বসে আইসিসির নির্বাহী পরিষদ।









