বুধবার সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবে বিএনপি।
দলের গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
এছাড়া রাত ৮টায় ওই কার্যালয়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন।
দলীয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, ‘অবৈধ’ সংসদের অধিবেশন ডাকার প্রতিবাদে বুধবার বেলা ২টায় বিএনপির কালো পতাকা মিছিল করার কথা রয়েছে। তবে ডিএমপির পক্ষ থেকে এ কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়নি।
মঙ্গলবার সন্ধ্যায় দলের এক সংবাদ সম্মেলনে বলা হয়, অনুমতি না দিলেও ১৯ দলীয় জোট কালোপতাকা মিছিল করবে।
বিএনপির মুখপাত্র দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলন তিনি বলেন, ‘সাধারণত এই সময়ের মধ্যে আমরা অনুষ্ঠানের অনুমতি পেয়ে থাকি। কিন্তু আজ সন্ধ্যা ৬টা বেজে গেছে। এখন পর্যন্ত পাইনি। আমাদের প্রস্তুতির বিষয় রয়েছে। তাই আগে থেকেই বলে রাখছি, সরকার যদি আমাদের কালোপতাকা মিছিলের অনুমতি না দেয় তবে জেলা পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে। ঢাকা মহানগরের ওয়ার্ড পর্যায়ে ১৯ দলীয় জোটের নেতাকর্মী-সমর্থকরা কালোপতাকা দেখিয়ে প্রতিবাদ জানাবে।’







