শিবির সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারো এক ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগ। তিনি ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমরান হোসেন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় এ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে শিবির সন্দেহে ইমরানকে মারধর করে হাজী মুহাম্মদ মহসিন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী শীর্ষ নিউজকে জানান, শিবির সন্দেহে মল চত্বরে ইমরান নামের এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের নেতারা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মারধরকারীরা নিজেদেরকে মুহসিন হল শাখা ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছেন।
হাজী মুহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা মিঠু শীর্ষ নিউজকে বলেন, মল চত্বরে শিবিরের এক কর্মীকে মারধর করেছে হলের জুনিয়র কর্মীরা। ওই শিক্ষার্থীকে এর আগে শিবিরের অভিযোগ দিয়ে হল থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও তিনি জানান।
উল্লেখ্য, এর আগে গত ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে শিবির সন্দেহে ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ পাঁচজনকে মেরে পুলিশে দেয় হল শাখা ছাত্রলীগের সভাপতি রিফাত জামান।








