অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট টোটালি ফুলিশ খেলা খেলেছে।’
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া ‘অস্ত্রের জোরে ক্ষমতায় আছে সরকার’ বক্তব্য প্রসঙ্গে মুহিত বলেন, ‘হোয়াট ইজ দিজ ননসেন্স। অস্ত্রতো তারাই এনেছেন। জামায়াত শিবির এনেছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকার ৫ বছরের জন্য ক্ষমতায় থাকবে । দুই বছরের জন্য ক্ষমতায় থাকবে কারা এ কথা বলছে আমি জানি না। ৫ বছরের আগে ক্ষমতা ছাড়ার কোনো চিন্তাই আমাদের নেই । সরকার কয় বছর ক্ষমতায় থাকবে তা আমি এবং যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সবচেয়ে ভালো জানি।
৫ বছরের আগে ক্ষমতা ছাড়তে বিদেশিদের কোনো চাপ নেই বলে জানান তিনি।
নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করা হবে জানিয়ে মুহিত বলেন, ‘আমরা আমাদের ফান্ড দিয়েই পদ্মাসেতু নির্মাণ করবো। তবে অন্যরা সাহায্য করলেও নেয়া হবে।’
আগামী ৪ বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বতন্ত্র বেতন স্কেল দেয়া হবে।’
বাংলাদেশ বিমান সম্পর্কে মন্ত্রী বলেন, ‘তাদের আর্থিক অবস্থা খারাপ। ইট ক্যান নট ইমপ্রুভ ওভার নাইট।’
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘বিমান ১০ বছরের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এর মাঝে আর্থিক অবস্থা ভালো হবে।’







