বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ত্রাস ও জঙ্গিবাদের সেনাপতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আশরাফ একথা বলেন। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
আশরাফ বলেন, “খালেদা জিয়া সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের বক্তব্যে মিথ্যাচার করেছেন। তিনি অনর্গল মিথ্যা কথা বলে গেছেন। তিনি বলেছেন, তার আমলে কোনো সন্ত্রাস ছিল না। অথচ দেশবাসী জানে তার আমলে একসঙ্গে ৬৩ জেলায় বোমা ফুটেছিল। সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়াসহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী খুন হয়েছেন। দশ ট্রাক অস্ত্র উদ্ধার হয়েছে। বাংলা ভাই-শায়খ রহমানদের উৎপত্তি হয়েছে।”
তিনি বলেন, “বিএনপির হাইকমান্ডের কোনো ঠিক নেই। দুই জায়গা থেকে দুই রকম বক্তব্য আসে। লন্ডন থেকে তারেক রহমান বলেছেন এই অবৈধ সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়। আবার বেগম খালেদা জিয়া বলেছেন আলোচনা করতে চান।”
আলোচনা করতে চাইলে আগে কমান্ড ঠিক করতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আশরাফ বলেন, “আমরা আশা করেছিলাম, খালেদা জিয়া জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবেন। কিন্তু তিনি জনগণকে উস্কে দেয়ার চেষ্টা করেছেন।”
সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে সন্দেহ পোষণ করায় খালেদা জিয়ার সমালোচনা করেন সৈয়দ আশরাফ।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।







