সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি দমন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বেআইনিভাবে অবরোধ সমর্থনকারীদের উপর গুলিবর্ষণ করছে। এমনকি অবরোধ কর্মসূচি দমন করতে সরকার রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে বিএনপির শীর্ষ নেতাদের বাসায় তল্লাশির নামে তাদের পরিবারকে হয়রানি করছে। একই সাথে নেতা-কর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। এই নির্বাচন কমিশন দিয়ে কোন সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।
নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি দেশকে সহিংতার দিকে ঠেলে দিয়ে অভিযোগ করে রিজভী বলেন, বিএনপিকে বাদ দিয়ে তফসিল ঘোষণা করে সরকার এবং নির্বাচন কমিশনের যৌথ পরিকল্পনার একটি জাতীয় তামাশা করা হয়েছে।
সুশীল সমাজ ও দেশের বিশিষ্ট নাগরিকরা রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাত করেছেন- এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা মনে করি এর মধ্যে দিয়ে দেশ সহিংসতা ও নৈরাজ্য থেকে বের হয়ে আসবে। তবে এ ক্ষেত্রে সুশীল সমাজের নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।







