তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন রোববার। তিন হাজার ২শ ভোটার ২৭টি পদে নির্বাচিত করবেন পরের দুবছরের জন্য বিজিএমইএর নতুন নেতৃত্ব।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা ও চট্টগামের বিজিএমইএ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোট গ্রহণ শেষে ওইদিনই ফল প্রকাশ করা হবে। এরপর ২১ মার্চ নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতিদের নির্বাচন করবেন বলে বিজিএমইএ’র পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজিএমইএ সূত্রে জানা গেছে, ঢাকায় ২০ এবং চট্টগ্রামে ৭; মোট ২৭টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ জন প্রার্থী। এর মধ্যে ১ থেকে ২৭নং ব্যালটে ভোট চাইছে ফোরাম প্যানেল। আর সম্মিলিত পরিষদের প্রার্থীরা আছেন ২৭ থেকে ৫৪ নম্বর ব্যালটে।
নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে এরই মধ্যে প্রচারণা শেষ করেছে দুপক্ষই। তৈরি পোশাক খাতের ইমেজ বাড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে ফোরাম প্যানেল। আর রপ্তানি আয় দ্বিগুণ করার লক্ষ্য সম্মিলিত পরিষদের।
তবে জয়ী হলে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সুস্পষ্ট কোনো অঙ্গীকার নেই কোনো পক্ষেরই।
সম্মিলিত পরিষদে নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি আতিকুল ইসলাম প্রধান। সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন আব্দুস সালাম মুর্শেদী। অন্যদিকে ফোরামে নেতৃত্ব দিচ্ছেন বিজিএমএইর আরেক সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
আতিকুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘দেশের তৈরি পোশাক খাত এখন ২০ বিলিয়ন ডলার আয়ের উৎস। একে দ্বিগুণ করাই আমাদের লক্ষ্য।’
অন্যদিকে ফোরাম প্যানেলের প্রধান মাহমুদ হাসান খান বাবু বলছেন, ‘ভোটাররা পরিবর্তন চাইছে। আর তাদের এ প্রত্যাশা পূরণেই নির্বাচন করছি আমরা।’
আগের ১২টি নির্বাচনে সম্মিলিত পরিষদ জিতেছে নয়বার। বর্তমান কমিটিও তাদের। অন্যদিকে ফোরাম নেতারা জয় পেয়েছেনে ৩ বার।








