বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান না হলে রাজনীতি চরমপন্থী বা উগ্রপন্থীদের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান।
গতকাল শনিবার প্রথম আলো ডটকমের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে আকবর আলি খান জানান, তিনি মনে করেন দুই নেত্রীর মধ্যে ফোনালাপ ব্যর্থ হয়েছে। সংলাপ সফল করতে পর্দার অন্তরালের আলোচনার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, দেশে বর্তমানে দুটি সমস্যা—একটি রাজনৈতিক এবং আরেকটি সাংবিধানিক। দুটি সমস্যাই নির্বাচনকে কেন্দ্র করে। আর দুটি সমস্যা এক হলে সমাধান খুবই জটিল হয়ে পড়বে বলে তিনি মনে করেন।
বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে সত্যিকারের কোনো প্রয়াসও চোখে পড়ছে না আকবর আলি খানের। তিনি বলেন, ‘বর্তমানে সমঝোতার নামে যা চলছে তাতে সমাধান বেরিয়ে আসবে বলে মনে হয় না।’







