গুগলের প্রযুক্তিনির্ভর বিশেষ চশমা স্মার্টগ্লাস এখন পৃথিবীজুড়েই আলোচিত। গুগল কর্তৃপক্ষ সম্প্রতি গুগল গ্লাসের পরবর্তী সংস্করণের ছবি প্রকাশ করেছে। গত মঙ্গলবার গুগল প্লাসের একটি পোস্টে নতুন সংস্করণের গুগল গ্লাসের তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। টাইম অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরে মাঝামাঝি সময়ে দুটি মডেলের গুগল গ্লাস বাজারে আসতে পারে। তবে গুগল গ্লাস বাজারে আনার কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি গুগল।
গুগল জানিয়েছে, দুটি গ্লাসের একটি হবে সাধারণ গ্রাহকদের জন্য, আরেকটি হবে চিকিত্সকদের প্রেসক্রিপশন অনুযায়ী। নতুন সংস্করণের গুগল গ্লাসে স্পিকারের পরিবর্তে থাকবে একটি এয়ারবাড।
এ বছর গুগলের প্রথম সংস্করণের স্মার্টগ্লাস এক হাজার ব্যক্তির জন্য এক হাজার ৫০০ ডলারে পরীক্ষামূলকভাবে বাজারে ছেড়েছে গুগল। এটি দিয়ে তাত্ক্ষণিকভাবে ভিডিও দেখা, ছবি তোলা ও ওয়েবসাইট দেখা যায়। গুগলের দাবি, স্মার্টফোনের প্রায় সব কাজই করা যাবে গুগল গ্লাসের মাধ্যমে। স্মার্টফোনের সঙ্গে এর মূল পার্থক্য কমান্ড দেওয়ার পদ্ধতিতে। যেখানে স্মার্টফোনে হাত দিয়ে সব কাজ করতে হয়, সেখানে গুগল গ্লাসে রয়েছে কণ্ঠস্বর প্রযুক্তি। চশমাটির ডান কাচের ওপর একটি ছোট ডিসপ্লে স্ক্রিন আছে। এটি গুগলের অ্যান্ড্রয়েডে চলে। গুগলের এ চশমাকে প্রযুক্তি বিশ্লেষকেরা পরিধানযোগ্য কমিপিউটিং পণ্য হিসেবে দেখছেন।









