ফেইসবুকে মহানবীকে কটূক্তি করার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলায় একটি হিন্দু বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।
একই ধরনের অভিযোগ তুলে এক বছর আগে কক্সবাজারে বৌদ্ধ বসতিতে হামলার পর শনিবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর নির্বাচনী এলাকায় এই ঘটনা ঘটেছে।
কক্সবাজারের ঘটনায়ও জামায়াতের ইন্ধন ছিল বলে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।
স্থানীয়রা জানান, সাঁথিয়ার বনগ্রাম বাজারের পাশের গ্রামের দশম শ্রেণির ছাত্র রাজীব সাহার ফেইসবুক পাতায় মহানবীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে দুপুরে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এরপর রাজীবের বাড়ি ভাংচুরের পর আগুন ধরিয়ে দেয়া হয়। পরে বনগ্রাম বাজারে হিন্দু সম্প্রদায়ের ৩/৪টি দোকানও ভাংচুর হয়।
এরপর স্থানীয়রা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করলে পুলিশ সেখানে যায়।
পাবনার পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মিয়াপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজীব ওই এলাকার বাবুল সাহার ছেলে। তারা দুজনই এখন পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান এসপি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর এলাকায় সংঘটিত এই ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান মিরাজ উদ্দিন।







