৫ অক্টোবর প্রথম আলোর চিঠিপত্র কলামে প্রকাশিত মুহাম্মদ মনসুর আলমের লেখায় প্রকাশ পেয়েছে বর্তমান নারীসমাজের সামান্য খণ্ডচিত্র। চিঠিপত্র কলামে তাঁর লিখিত অতিসাম্প্রতিক বিষয়টি পড়ে কিছুটা স্বস্তি অনুভব করলেও কয়েকটি বিষয় বাসের মধ্যে সচরাচর দেখা যায়।
প্রথমত, বাস কর্তৃপক্ষ মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য বাসে সংরক্ষিত আসন রাখার পরও লক্ষ করা যায়, অনেক সময় মহিলারা সংরক্ষিত আসন পূরণ না করেই অন্য আসনে বসে পড়েন। এতে অন্য যাত্রীদের দাঁড়িয়ে যেতে হয়। তাই মহিলা যাত্রীদের অনুরোধ করব, আপনারা সংরক্ষিত আসন পূরণ করে এরপর অন্য আসনে বসুন।
দ্বিতীয়ত, আরেকটি বিষয় লক্ষণীয় যে বাসে বয়স্ক মহিলা-পুরুষ দাঁড়িয়ে থাকার পরও যাঁরা সংরক্ষিত আসনে বসে থাকেন, তাঁরা বয়স্কদের প্রতি সামান্য শ্রদ্ধাবোধও দেখাতে প্রয়োজনবোধ করেন না। তাহলে কী বলা যায়, শ্রদ্ধাবোধ ও মূল্যবোধ সংরক্ষিত আসনে সংরক্ষিত রয়েছে? তাই মহিলা বাসযাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ রইল, বয়স্ক মহিলা হোক আর পুরুষ হোক সংরক্ষিত আসনে নিজেকে সংরক্ষিত না রেখে বয়স্কদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাঁদের যাতায়াতের পথ সুগম করুন।
ইশতিয়াক নাজমুল






