দরপত্র অনুযায়ী ঈদের আগের তিন দিন ও ঈদের দিন রাজধানীতে অস্থায়ী কোরবানির পশুর হাট বসার কথা। ঈদ হবে ১৬ অক্টোবর। সে অনুযায়ী ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হাট বসার কথা। কিন্তু রাজধানীর অস্থায়ী পশুর হাটে এখনই গরু উঠতে শুরু করেছে। বেচাকেনা শুরু না হলেও ক্রেতাদের কেউ কেউ গরু দেখতে হাটে আসছেন।
এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে যে ১৯টি অস্থায়ী পশুর হাট বসেছে, সেগুলোর অধিকাংশের ইজারা পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন আগারগাঁও বস্তি এলাকার হাটে গিয়ে দেখা যায়, বেশ কিছু গরু উঠেছে। তবে বেচাবিক্রি শুরু হয়নি। লোকজন মাঝেমধ্যে এসে দেখে যাচ্ছেন।
ঝিনাইদহের হরিণাকুণ্ডের মো. মুজিবুর নামের এক ব্যাপারী বলেন, তাঁরা ১৪টি গরু নিয়ে এসেছেন। এখনো বিক্রি হয়নি। এবার দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, তাঁরা যেসব গরু এনেছেন তা গতবারের চেয়ে কম দামে কিনে এনেছেন। তবে তাঁরা আশা করছেন, ঢাকার বাজার এবার ‘ভালো’ হবে।
উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এই হাটের ইজারাদার হলেন আওয়ামী লীগের মোহাম্মদপুর থানার যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান।
পাশের তালতলা হাটে গিয়েও দেখা গেছে, বেশ কিছু গরু উঠেছে। কয়েকজন ব্যবসায়ী জানান, মূলত এখন তাঁরা ভালো জায়গায় অবস্থান নিয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীন অন্য কয়েকটি হাটেও গরু উঠতে শুরু করেছে বলে সূত্রগুলো জানিয়েছে। উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ফসিউল্লাহ বলেন, বিষয়টি তাঁরাও জানতে পেরেছেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতও গঠন করা হয়েছে। এ আদালত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।







