মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোরিকশাচালক শহিদুলের বাড়ি উপজেলার নয়াবাড়ি গ্রামে। শিবালয় থানার পুলিশ জানায়, এক বছর ধরে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন শহিদুল। একপর্যায়ে ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রোববার বিকেলে বেড়ানোর কথা বলে শহিদুল ওই ছাত্রীকে উপজেলার বাসাইল গ্রামে নিয়ে ধর্ষণ করেন। এ সময় সে চিৎকার করলে এলাকাবাসী গিয়ে শহিদুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শহিদুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রাতেই ছাত্রীর বাবা শহিদুলের বিরুদ্ধে মামলা করেন। গতকাল শহিদুলকে জেলহাজতে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি







