আগামীকাল থেকে দেশের সব পোশাক কারখানা খুলে দেয়া হবে বলে ঘোষনা দিয়েছেন বিজিএমই এর ভারপ্রাপ্ত সভাপতি এস এ মান্নান কচি। সোমবার দুপুরে সচিবালয়ে ত্রিপক্ষীয় এক জরুরী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সরকারের পক্ষ থেকে সব কারখানায় নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। কোন গার্মেন্টস এ যেন নিরাপত্তা বিঘ্নিত না হয় সেদিকে নজরদারী রাখতে হবে।
এর আগে, সোমবার দুপুর ১২ টায় সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রনালয়ের সভাকক্ষে পোশাকখাতের অস্থিরতা নিরসনে জরুরী ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, শ্রম সচিব মিকাইল শিপার, সংসদ সদস্য ও সাবেক বিজিএমইএ সভাপতি টিপু মুন্সি, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও সালাম মুর্শেদী, বিজিএমইএ’র (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচার অ্যান্ড এঙপোর্টার্স অ্যাসোসিয়েশন) ভারপ্রাপ্ত সভাপতি এস এ মান্নান কচি।
শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহানারা বেগম, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ’র সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েলসহ আরো অনেকে।







