সরকারের নীলনকশা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে ব্যস্ত সময় কাটাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল কমিশন এ নিয়ে দিনভর বৈঠক করে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সভাপতিত্বে সকাল ১১টা থেকে শুরু হয় জরুরি বৈঠক। দুপুরে এক ঘণ্টার বিরতি শেষে বিকাল ৩টায় বৈঠকটি আবার শুরু হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় সংসদ বহাল থাকবে কিন্তু কোনো অধিবেশন হবে না। একই সঙ্গে বহাল থাকবে বর্তমান মন্ত্রিপরিষদ। তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। এর প্রেক্ষিতে ১৮ দলীয় জোট নির্বাচন সংক্রান্ত প্রধানমন্ত্রীর এ বক্তব্য এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে। এসব সত্ত্বেও বর্তমান সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, ২৪ জানুয়ারির পূর্ববর্তী ৩৫ থেকে ৪৫ দিন আগে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার স্ট্যান্ডার্ড সময়। কমিশন সূত্রে জানা গেছে, ২৪ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আগামী নির্বাচনের জন্য ইসি একটি রোডম্যাপ তৈরি করেছে। তবে এখন পর্যন্ত রোডম্যাপের অনেক গুরুত্বপূর্ণ কাজ অসম্পন্ন অবস্থায় পড়ে আছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসি তাদের রোডম্যাপ বাস্তবায়নে নানা আইনি এবং রাজনৈতিক জটিলতা নিরসনের জন্য অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছে।
সূত্র আরও জানায়, তফসিল ঘোষণার আগে নির্বাচনী আচরণবিধি ও নির্বাচন পরিচালনা বিধিমালা প্রণয়ন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী মালামাল সংগ্রহ, মাঠপর্যায়ে ভোটার তালিকা প্রেরণসহ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার বিষয়গুলো এখনও বাকি রয়েছে। মুদ্রিত ভোটার তালিকা না থাকায় চূড়ান্ত করা যাচ্ছে না সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকাও। ২০১২ সালের আগস্টে তৈরি করা রোডম্যাপ অনুযায়ী যেসব কাজ এখনও পিছিয়ে রয়েছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা কমিশন বৈঠকে উপস্থাপন করা হচ্ছে। কমিশন সভার জন্য প্রস্তুত করা রোডম্যাপ মূল্যায়ন খসড়ায় বলা হয়েছে, কর্মপরিকল্পনা অনুযায়ী এখনও বেশ কিছু কাজ সম্পন্ন করা যায়নি। এসব কাজের মধ্যে রয়েছে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া, আচরণবিধি ও নির্বাচন পরিচালনা বিধিমালা প্রণয়ন, মাঠপর্যায়ে ভোটার তালিকা প্রেরণ, ভোটার তালিকার সিডি প্রস্তুত, নির্বাচনী কার্যক্রমে ইউএনডিপির মাধ্যমে অর্থ সংস্থানের বিষয়, বিভিন্ন ফরম ও প্যাকেট মুদ্রণ, ইউএনডিপির এসইএমবি প্রকল্পের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি-কলম, দেশি মালামালের মধ্যে রয়েছে স্ট্যাম্প প্যাড, মার্কিং সিল, ব্রাশ সিল, অফিসিয়াল সিল, গালা ক্রয় ও নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ। এসব কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় নতুন সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, রোডম্যাপের বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। এগুলো হলো গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও’র খসড়া চূড়ান্ত, সংসদীয় আসনের সীমানা বিন্যাস, হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত, ছবিসহ ভোটার তালিকার সিডি প্রস্তুত করে মাঠপর্যায়ে প্রেরণ, নির্বাচনী বাজেটের খাতভিত্তিক অর্থ বরাদ্দের তালিকা প্রস্তুত, বিভিন্ন মালামালের পরিমাণ নিরূপণ ও ভোটকেন্দ্রের খসড়া প্রস্তুত করা। এছাড়া তফসিল ঘোষণা করার ৬০ দিন আগের কাজগুলো এ মাসের শেষের দিকে শুরু হবে। বর্তমানে বেশ কিছু কাজ চলমান রয়েছে।
সংবিধান অনুযায়ী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন করতে হবে। এর জন্য নভেম্বরের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করে জানুয়ারির মাঝামাঝিতে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।









