জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাঁকে যদি দায়িত্ব দেওয়া হয় এবং সবাই যদি তা মেনে নেয়, তাহলে তিনি দায়িত্ব নিতে রাজি।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর থেকে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন এরশাদ।
এরশাদ বলেন, ‘আমি দেশে শান্তি চাই। হানাহানি, সংঘাত চাই না। তাই আমার ওপর এ দায়িত্ব দিলে আমি তা পালন করতে পারব। কারণ, আমি দীর্ঘদিন রাষ্ট্রপতি ছিলাম। দেশ পরিচালনার অভিজ্ঞতা আমার আছে।’
বিমানবন্দরে জাপা চেয়ারম্যানকে স্বাগত জানান দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।
ছেলে এরিকের চিকিৎসার জন্য এরশাদ গত সপ্তাহে সিঙ্গাপুরে যান।







