বাংলাদেশের টিকে থাকার লড়াইয়ে আজ বাধা ভারত

0
209
Print Friendly, PDF & Email

সুজা উদ্দিন, কাঠমন্ডু, নেপাল থেকে ॥ প্রথম ম্যাচে নেপালের কাছে হেরে এখন টিকে থাকার লড়াই বাংলাদেশের সামনে। লড়াইয়ে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। কোচ লোডভিক ডি ক্রুইফ ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না। ঘুরে দাঁড়াতেন চান এমিলি ও মামুনুলরা। এদিন অনুশীলনে সবার মাঝেই একটা প্রত্যয় দেখা গেছে। ভারতও ফাইনাল হিসেবে নিচ্ছে ম্যাচটিকে। দুই প্রতিবেশীর শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় কাঠমন্ডুর আর্মি স্টেডিয়ামের ম্যাচটি জমে উঠবে।
ভারতের বিরুদ্ধে ম্যাচ জয়ের অভিজ্ঞতা একটু কমই রয়েছে লাল-সবুজ দলের। তবুও আরেকটি জয়ের জন্য নিজেদের আরেকটু ঝালাই করে নিতে শহরের লগন খেল আর্মি ফিজিক্যাল ট্রেইনিং স্কুল মাঠে সোমবার অনুশীলন করেছেন ফুটবলাররা। সবার চোখে-মুখেই ছিল প্রত্যয়ের ছাপ, ‘জিততেই হবে আমাদের।’ তবে ভারতের বিরুদ্ধে নিজেদের কঠিন পরীক্ষা দিতে হবে সেটা জেনেই মাঠে নামতে হবে তাদের।
নেপালের কাছে হারের পর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফের কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে। ছয় মাসের দলের অবস্থা এতটা খারাপ হওয়ার কথা নয়। এসব বিষয় আমলে নিচ্ছেন না কোচ। অনেক প্রশ্নই তিনি এড়িয়ে যান। তাঁর দৃষ্টি এখন ভারতের বিরুদ্ধে ম্যাচ। এদিন অনুশীলনের আগে বললেন, ‘আমাদের শেষ সুযোগ এ ম্যাচ। জিতলে সম্ভাবনা থাকবে সেমিফাইনালে খেলার। হারলে আর কোন আশা থাকবে না। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিরুদ্ধে জিততেই হবে। আমরা ৩ পয়েন্টের জন্যই মাঠে নামব।’ তবে ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন তিনি। আগের দিন ফুটবলারদের নিয়ে ভারত-পাকিস্তান ম্যাচে দেখেছেন কোচ। ম্যাচ দেখে তাঁর কাছে কেমন মনে হয়েছে জানতে চাইলে বলেন, ‘ভারত পাকিস্তানের খেলা দেখেছি। পাকিস্তানকে দেখে সারপ্রাইজড হয়েছি। তারা অনেক উন্নতি করেছে। ভারতকে আগে অনেক শক্তিশালী ভেবেছিলাম। খেলা দেখে ততটা শক্তিশালী মনে হয়নি। মনে হচ্ছে টুর্নামেন্টে কেউ ফেবারিট নয়। আমরাও ফেবারিট হতে পারি।’
ইনজুরিকে দলের একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি, ‘ইনজুরি দলেকে বেশি ক্ষতি করছে। এ ম্যাচে উইঙ্গার সোহেলকে পেতে পারি। মামুনুলের বিষয়টি এখনও অনিশ্চিত।’ ক্রুইফ আরও বলেন, দুই দেশের খেলার ধাঁচ প্রায় একই হবে। কারণ দুই দেশেই ডাচ্ কোচ। ভারতের কোচ উইম কোভারম্যান তাঁর গুরু। মাঠে এর কোন প্রভাব পড়তে পারে কিনা জানতে চাইলে বলেন, ‘মাঠের লড়াই আলাদা। এখানে গুরু-শিষ্য বিষয়টি অমূলক। আমার ছেলেরা যেন সেরাটাই খেলে সে চেষ্টাই করব। আমাদের লক্ষ্য থাকবে জয়।’ আগের ম্যাচের হারের দৃশ্য দেশে ডাগআউটে বসা মামুনুল ইসলাম কেঁদে দিয়েছিলেন। জাতীয় দলের অধিনায়ক এদিন জানান, ‘ভারতের খেলা দেখেছি। আত্মবিশ্বাস জন্মেছে আমরা জিতব। এ জন্য সবার আন্তরিক হতে হবে। দেশের জন্য নিজেদের উৎসর্গ করতে হবে। কোন স্পেস ওদের দেয়া যাবে না।’ প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব নিয়ে খেলতে হবে উল্লেখ করে বলেন, ‘মিশু মাঝমাঠে থাকলে তাকে নেতৃত্ব দিতে হবে। এমিলি স্ট্রাইকিংয়ে থাকলে সেখানেও তাকে নেতৃত্ব দিতে হবে।’
ছাড় দিতে রাজি নয় ভারত। আগের দিন অনুশীলনও সেরে নিলেন। আজকের ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে আঁটসাঁট বেঁধেই নামবেন। কোচ উইং কোভারম্যানে কণ্ঠে সে সুরই বাজল, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচই ফাইনাল। একটি ফাইনালে জিতেছি। দ্বিতীয় ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশ। আমরা চাইব জিতে আমাদের সেমিফাইনাল নিশ্চিত করতে। তবে ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তবে।’ ম্যাচে হারলেও এখনও ছিটকে যায়নি। রেসে থাকতে তারা কঠোর পরিশ্রম করবে। তবে মাঠে আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব।’ ‘পাকিস্তানের বিরুদ্ধে আমরা ভাল খেলতে পারিনি। ভুলত্রুটি শুধরে এ ম্যাচে আরও ভাল করতে চাই।’ যোগ করেন তিনি। বাংলাদেশকে শক্তিশালী উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সাইড ভাল। তাদের কয়েকজন ভাল ফুটবলারও আছে। যে কোন সময় ঘুঁরে দাঁড়াতে পারে।’ পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও সর্বশেষ দেখায় জয় বাংলাদেশের। ২০১০ সালে ঢাকায় সাফ গেমসে বাংলাদেশ ১-০ গোলে জিতেছিল। দুই দেশের মধ্য মোট ২৯ ম্যাচে ১৭টিতে জয় ভারতের। বাংলাদেশের জয় মাত্র ৫ ম্যাচে। ৭ ম্যাচ ড্র। প্রতিপক্ষের জালে লাল-সবুজরা গোল দিয়েছে ১৯টি, হজম করেছে তার চেয়েও বেশি ৪০টি। তবে সাফ টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তার মধ্যে একটিতে জয় দুটি ড্র এবং পাঁচটিতে হেরেছে লাল-সবুজরা। বলা যায়, বাংলাদেশ মিডফিল্ডার সোহেল রানা ইনজুরি থেকে সেরে উঠে এদিন দলের সঙ্গে অনুশীলন করেছেন। আজ মাঠে দেখা যাবে তাকে। অধিনায়ক মামুনুল ইসলামও হালকা অনুশীলন করেছেন। তাঁর খেলার ব্যাপারে নিশ্চিত করেননি কোচ। তবে প্রয়োজনে তাকে অল্প সময়ের জন্য নামানোর সম্ভাবনা আছে। গ্রোয়েন ইনজুরিতে ভোগা স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি বসে সময় কাটিয়েছেন। বড় স্বপ্ন নিয়ে আসা ফুটবলাররা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আজ কঠিন পরীক্ষারই মুখোমুখি হচ্ছেন।

শেয়ার করুন