নির্বাচনকালীন সরকার নিয়ে দুই দলের সংলাপের জন্য জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে ফল আসবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।জাতিসংঘের উদ্যোগে ফল আসবে, আশা মজীনার
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। ফাইল ছবি
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও আমেরিকান সেন্টারের যৌথ আয়োজনে ‘জাতিসংঘের শান্তিরক্ষা এবং দক্ষিণ এশিয়া’ শীর্ষক এক সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বিপরীতমুখি অবস্থানের মধ্যে শুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি-মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, বিরোধী দল সংসদে এসে নির্বাচনকালীন সরকার নিয়ে প্রস্তাব দিলে তারা স্বাগত জানাবেন।
আর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, সংকট নিরসনে যেকোনো ধরনের সংলাপে প্রস্তুত তারা। পাশাপাশি এটাও জানিয়েছেন, আওয়ামী লগের অধীনে কোনো নির্বাচনে তারা যাবেন না।
সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা।
সংবিধান অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে ‘অন্তর্বর্তী সরকারের’ অধীনে আগামী নির্বাচন হওয়ার কথা। চলতি বছরের ২৬ অক্টোবর থেকে আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
বিদায়ী সরকারের অধীনে নির্বাচন নিয়ে আপত্তি বিরোধী দলের। তাদের আশঙ্কা, এতে করে নির্বাচন ‘প্রভাবিত’ হবে।
মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের মানুষ নির্বাচন দেখতে চায়। সে কারণে দলগুলো অবশ্যই কোনো না কোনো পথ খুঁজে বের করবে।
এ সময় তিনি বলেন, জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয়







