বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলী এখনো জীবিত আছেন বলে দাবি করেছেন তার ছোট ভাই আসকির আলী। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেছেন, ইলিয়াস আলী কলকাতার দমদমের কাছাকাছি কোনো এক কারাগারে বন্দী আছেন। চ্যানেল আই-লন্ডনের স্ট্রেইট ডায়ালগের অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামে গুম হওয়া বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর আপন ছোট ভাই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এ দাবি করেছেন। তিনি আরও বলেছেন, তাদের কাছে যেসব তথ্য এসেছে বিভিন্ন সূত্র থেকে, তাতে তাদের দৃঢ় বিশ্বাস ইলিয়াস আলী দমদমের কাছাকাছি কোনো এক কারাগারে বন্দী অবস্থায় আছেন, যেমন করে কলকাতায় সুখরঞ্জন বালী আছেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। আসকির আলী অত্যন্ত দৃঢ় আস্থার সঙ্গে, আল্লাহর ওপর অগাধ বিশ্বাস নিয়ে সমগ্র জনগণের সহায়তা চেয়ে আকুল আবেদন জানান, যেভাবে এখন পর্যন্ত সর্বস্তরের মানুষ ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় দেশে ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন-সংগ্রাম, বিক্ষোভ দেশে-বিদেশে অব্যাহত রেখেছেন, সহযোগিতা করছেন তা অব্যাহত রাখার জন্য। লাইভ (সরাসরি) প্রোগ্রামের মাধ্যমে আসকির আলীর এ রকম দৃঢ়তার সঙ্গে দাবি এই প্রথম এবং এ নিয়ে প্রবাসী জনগণের মাঝে ব্যাপক আগ্রহ ও সাড়া পড়ে যায়।
এদিকে, আগেই খবর বেরিয়েছিল নিখোঁজ সুখরঞ্জন বালী ভারতে একটি কারাগারে বন্দী রয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই বিএনপি নেতা-কর্মীদের ধারণা আরও দৃঢ় হয়েছে, একইভাবে ইলিয়াস আলীকে ভারতে গুম করে রাখা হয়েছে। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে খবর বের হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় এ নিয়েও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ছাড়া নিখোঁজ হওয়ার পর ইলিয়াস আলীর মোবাইল ফোন থেকে বিভিন্ন ব্যক্তির ফোনে কল আসার ব্যাপারটির কোনো সুরাহা করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্যদিকে, এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তার মোবাইল থেকে বার বার বিভিন্ন ব্যক্তির ফোনে ফোন আসাকে কেন্দ্র করে সিলেটব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ ধারণা করেন ইলিয়াস আলীকে যারা গুম করেছেন তারা এসব ফোনকলের মাধ্যমে জানান দিচ্ছেন যে তিনি বেঁচে আছেন। আর বিশেষ বাহিনী ইলিয়াস আলীকে গুম করলে তার ফোন সচল থাকত না।
ইলিয়াস আলী জীবিত আছেন এমন ধারণা তার পরিবারের সদস্যরা পেয়েছেন সরকারের বিশেষ একটি বাহিনীর কাছ থেকেই_ এ রকম কথাও শোনা যাচ্ছিল। এ ধারণার পরিপ্রেক্ষিতেই ইলিয়াস আলীর ভাই আসকির আলী ও স্ত্রী তাহসিনা রুশদির লুনা ইলিয়াস আলীকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তাহসিনা রুশদির বিশ্বাস করেন ইলিয়াস আলী এখনো জীবিত আছেন। আল্লাহর ওপর ভরসা রেখে তিনি বলেন, নিশ্চয়ই ইলিয়াস আলী সুস্থ শরীরে ফিরে আসবেন। এ জন্য তিনি সরকারের ও জনগণের সহযোগিতা কামনা করেন। এ পর্যন্ত ইলিয়াস আলীর ফোন থেকে যেসব ফোনে কল এসেছে সেসব মোবাইল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে জমা দেওয়া হয়েছে। তবে ইলিয়াস আলী দমদমেই আছেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন তার স্ত্রী লুনা। তিনি বলেন, আমার কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।
এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। তাই কোনো মন্তব্য করা সম্ভব হচ্ছে না। তবে গুরুত্বসহকারে বিষয়টির খোঁজ নেওয়া হবে।’









