পিয়া।র্যাম্প মডেলিং করছেন অনেক দিন। রেদওয়ান রনির চোরাবালি ছবিতে অভিনয় করেছেন। ছবিটি এখন বলাকা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। অভিনয় করেছেন নাটকেও। গত সপ্তাহে ভারতের মুম্বাইয়ে ‘ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ হয়েছিলেন তিনি। ইদানীং উপস্থাপনাও করছেন। কথা হলো পিয়ার সঙ্গে।
‘ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হলেন কীভাবে?
২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। সেখানে চেকোস্লোভাকিয়ার একটি মডেল এজেন্সির কর্মকর্তা ইভানা জের সঙ্গে পরিচয় হয়। পরে তাঁর মাধ্যমে দিল্লির একটি এজেন্সির সঙ্গে যোগাযোগ হয়। প্রতিষ্ঠানটি আমাকে ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়ার সুযোগ করে দেয়।
প্রতিযোগিতায় অংশ নিলেন কবে?
১৮ ফেব্রুয়ারি ভারতের মুম্বাই যাই। পরদিন থেকে শুরু হয় নানা কর্মশালা। ১৫টি দেশের ২৯ জন প্রতিযোগী অংশ নেন প্রতিযোগিতায়। ৮ মার্চ মুম্বাইয়ের জুহুর দ্য টিউলিপ স্টার হোটেলে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে।
চ্যাম্পিয়ন হওয়ার পর কেমন অনুভূতি হয়েছিল?
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাজেশ্বরী। প্রথম ও দ্বিতীয় রানারআপ ঘোষণার পর যখন চ্যাম্পিয়ন হিসেবে নিজের নামটি শুনলাম, ওই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়।তিন বিচারকের একজন ছিলেন কারিশমা কাপুর। তিনিই আমাকে চ্যাম্পিয়নের মুকুট পরিয়ে দেন।
পুরস্কার হিসেবে কী পেলেন?
অনেক কিছু। ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার কর্তৃপক্ষ আমাকে এক বছরের একটি বৃত্তি দিয়েছে। তা ছাড়া বলিউডের চলচ্চিত্রে কাজ করার জন্য আমাকে তারা প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে।
আপনি বলিউডের পথে হাঁটতে যাচ্ছেন?
সুযোগ পেলে অবশ্যই কাজ করব। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।
এখন আর কী করছেন?
কাল (আজ শনিবার) মিসর যাচ্ছি। সেখানে বিশ্বের সেরা মডেলদের নিয়ে ‘টপ মডেল অব দ্য ইয়ার’ নামের আরেকটি প্রতিযোগিতায় অংশ নেব। ১৮ মার্চ থেকে শুরু হবে এ প্রতিযোগিতা। গ্র্যান্ড ফিনালে হবে ৩০ মার্চ।
১৬ মার্চ, ২০১৩,









