সোমবার সারাদেশে ইসলামী দলগুলোর বিক্ষোভ

0
205
Print Friendly, PDF & Email

ঢাকা: শুক্রবার রাজধানীসহ সারাদেশে ‘শানে রাসূল (সা.) সমাবেশ’ কর্মসূচি করতে না দেওয়ার প্রতিবাদে সোমবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘ঈমান ও দেশ রক্ষা’ নামের নতুন ইসলামী মোর্চা।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ও  জোটের আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী।

সোমবারের কর্মসূচিতে বাঁধা দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

তিনি বলেন, “আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার কথা ছিল। কিন্তু গেট বন্ধ থাকায় ফকিরাপুলের কালভার্ট রোডে কর্মসূচি করতে গিলে সেখানেও বাঁধা দেয় পুলিশ। আমাদের শতাধিক কর্মীকে আটক করা হয়।”

সন্ধ্যার মধ্যে এসব কর্মীদের মুক্তি দাবি করেন তিনি।

তিনি বলেন, “আমরা জ্বালাও-পোড়াও আন্দোলন ও সহিংসতায় বিশ্বাসী নই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব। চলমান যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গেও আমাদের এ আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।

সংবাদ সম্মেলনে নাস্তিক ব্লগারদের বিচারের পাশাপাশি আল্লাহ-রাসূল (সা.) সম্পর্কে কটুক্তি বন্ধে সংসদে আইন প্রণয়ন ও বাস্তবায়ন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অগ্নিসংযোগ, দেশের বিভিন্নস্থানে জাতীয় পতাকা ও শহীদ মিনারে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এক প্রশ্নের জবাবে কাশেমী বলেন, “শুক্রবার সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আমাদের কেউ জড়িত নন। তারপরও সারদেশে আলেম-ওলামা, ইমাম ও মাদরাসার ছাত্রদের গণগ্রেফতার করে হয়রানি করা হচ্ছে।”

সরকারের সমালোচনা করে তারা বলেন, “মুখে ইসলামের পক্ষে কথা বললে হবে না। ব্লগার নাস্তিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সরকারকে কাজে প্রমাণ দিতে হবে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যজোটে চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী ও আমেনী ছেলে আবুল হাসনাত আমেনী, খেলাফত আন্দোলনে নায়েবে আমীর আব্দুল রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হুমায়ুন কবির, মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা মাহফুজুল হক প্রমুখ।

মার্চ ০৮, ২০১৩

শেয়ার করুন