রুপশী বাংলা ডেস্ক:আকাশের চাঁদে মাওলানা দেলোওয়ার হোসেন সাঈদীকে দেখা যাচ্ছে এমন খবরে নাটোরের সিংড়ায় জণমনে কৌতুহল সৃষ্টি হয়েছে। সাঈদীর প্রতিচ্ছবি চাঁদে দেখা যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে রোববার ভোর থেকেই বাসা বাড়ির ছাদ ও রাস্তায় শত শত নারী পুরুষ ঘর থেকে বের হয়ে আসে। পরে সকাল ৭টায় সাঈদীর মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল করে নাটোর-বগুড়া মহাসড়কের বাসষ্ট্যান্ডে বিক্ষোভ করে জামায়াত শিবির কর্মীরা। হরতাল চলাকালে পুলিশি টহল জোরদার করায় কোন সহিংসতার ঘটনা ঘটেনি। দুরপাল্লার কোন যান বাহন ছেড়ে যায়নি।
অপরদিকে সিংড়া উপজেলা সংলগ্ন পার্শ্ববর্তী এলাকা নন্দীগ্রামে সকাল থেকেই হাজার হাজার জামায়াত-শিবির কর্মী ও সাঈদী ভক্তদের ৩ঘন্টাব্যাপী তান্ডবে সিংড়া উপজেলার প্রায় শতাধিক গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। এসময় সাঈদী ভক্তরা নন্দীগ্রাম উপজেলা পরিষদে অগ্নি সংযোগ, ভাংচুর, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র বাড়িতে হামলা ও নন্দীগ্রাম থানায় দফায় দফায় হামলা চালায়। এসময় নন্দীগ্রাম জামায়াতের আমীর সাঈদীর মুক্তির দাবিতে ১শ চুয়াল্লিশ ঘন্টার লাগাতার হরতালের ডাক দেন। পরিস্থিতি সামাল দিতে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
৩ মার্চ/নিউজরুম






