ডেস্ক রিপোর্ট: শাহবাগ গণজাগরণ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানো ইমামকে ফেইসবুকে হত্যার ‘হুমকিদাতা’ শাফিউর রহমান ফারাবীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে মঙ্গলবার এই আদেশ দেন।মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মাইনুল ইসলাম দুপুরে ফারাবীকে আদালতে হাজির করে রাজীব হত্যা মামলায় সন্দেহভাজন হিসাবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখান। এরপর তাকে দশ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তিনি।আবেদনে এই পুলিশ কর্মকর্তা বলেন, ফারাবী ব্লগার রাজীব হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।অন্যদিকে ফারাবীর পক্ষে অ্যাডভোকেট জুবায়দুল ইসলাম রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।
রোববার রাত ৮ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দুই নম্বর গেইট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফারাবীকে। সেখানে একটি মেসে ভাড়া থাকতেন তিনি।সোমবার হাটহাজারী থানা পুলিশ তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষর্থী ফারাবী হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের কাছে তথ্য আছে।গত ১৫ জানুয়ারি রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে খুন হন স্থপতি রাজীব, যিনি‘থাবা বাবা’ নামে ব্লগ লিখতেন।রাজীব খুন হওয়ার পরদিন ফারাবী তার ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, “যেই ইমাম থাবা বাবার (রাজীব) জানাজা পড়াবে, সেই ইমামকেও হত্যা করা হবে। জানাজার নামাজ হচ্ছে মুসলমানদের জন্য। কোনো নাস্তিক-মুরতাদ, যে সারা জীবন আল্লাহ ও তার রাসুলকে গালিগালাজ করেছে, তার কখনো জানাজা হতে পারে না।”
২৬ ফেব্রুয়ারী, ২০১৩.







