মংলা (বাগেরহাট): মংলা বন্দরের পশুর চ্যানেলে ক্লিংকার বোঝাই লাইটারেজ জাহাজ ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার ভোরে বন্দরের হাবাড়িয়া এলাকায় সেনা কল্যাণ সংস্থার মালিকানাধীন মংলা সিমেন্ট মিলসের পণ্য বোঝাই এমভি লায়ন হুয়া বাণিজ্যিক জাহাজ থেকে ক্লিংকার বোঝাই করার সময় এমভি মোকসেদপুর-২ লাইটারেজ জাহাজটি ডুবে যায়।
শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত সরদার সাইফুল ইসলাম জানান, এমভি মোকসেদপুর লাইটারেজ জাহাজটি ক্লিংকার বোঝাইয়ের জন্য রাত ১০টায় বাণিজ্যিক জাহাজে পেজমেন্ট করে। রোববার ভোর পর্যন্ত ৬০০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করার পর হঠাৎ ওই স্থানেই জাহাজটি ডুবে যায়। এসময় ওই জাহাজে কর্মরত ছিলেন দশজন শ্রমিক। এদের মধ্যে আটজন বিভিন্ন নৌযানে আশ্রয় নিলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাকি দু’জন নিখোঁজ রয়েছেন।
এসময় তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের ও জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।
ফেব্রুয়ারি ২৪, ২০১৩






