সিলেট: সিলেটে জামায়াত-শিবিরসহ ইসলামী দল ও পুলিশের মধ্যে সংর্ঘষে আহত একজনের মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার জুমার নামাজের পর ইসলামী দলগুলোর বের করা বিক্ষোভ মিছিল থেকে সিলেট গণজাগরণ মঞ্চে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
এরপর একটি পুলিশ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। সহিংসতা মোকাবিলায় পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এখন পর্যন্ত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে ১০ জন।
আহতদের সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই একজন মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি।
বেলা ২টা ৫০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত সংঘর্ষ চলাকালে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর ব্লগারদের বিরুদ্ধে কয়েকশ মানুষ উগ্র মিছিল শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যায়। এসময় তারা শহীদ মিনারের সামনে গণজাগরণ মঞ্চে ভাঙচুর চালায়। গণজাগরণ মঞ্চের পাশে ট্রাস্ট ব্যাংকের সামনে রাখা পুলিশের একটি গাড়িতে আগুন দেয়।
বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন দিলে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। গাড়ির আগুন থেকে এটিএম বুথেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ারসার্ভিরে দু’টি গাড়ি সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ করে।
এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় কয়েকশ’ বিক্ষোভকারী। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। সংর্ঘষের পর চৌহাট্টা এলাকার বিভিন্ন সড়কে বিচ্ছিন্নভাবে জুতা ও রক্ত পড়তে থাকতে দেখা যায়।
ফেব্রুয়ারি ২২, ২০১৩






