বিনোদন ডেস্ক(২০ ফেব্রুয়ারী): শুরু থেকে আজ অবধি প্রেম নিয়ে লুকোচুরি খেলছেন রানি মুখার্জি-আদিত্য চোপড়া জুটি। এমনকি তাঁদের কাছের বন্ধুরাও এই লুকোচুরি বন্ধের পরামর্শ দিচ্ছেন। কিন্তু রানি-আদিত্য নিজেদের প্রেম কিংবা বিয়ের ঘোষণা নিয়ে লুকোচুরি খেলেই যাচ্ছেন।
এখন পর্যন্ত বেশ কয়েকবারই রানি-আদিত্যের বিয়ের গুজব রটেছে। এমন খবরও চাউর হয়েছে যে, গোপনে বিয়ের কাজটি সেরে ফেলেছেন তাঁরা। দিন কয়েক আগে আদিত্যর বাবা প্রয়াত যশ চোপড়ার প্রতিমূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রানিকে ভুলবশত রানি চোপড়া নামে সম্বোধন করেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এরপর আবারও আলোচনায় আসেন রানি-আদিত্য। জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
এদিকে রানি-আদিত্যের হাঁড়ির খবর ফাঁস করে দিয়েছে রানির কাছের একটি সূত্র। এ প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, দুই বছর ধরে জুহুতে অবস্থিত রানির বাংলোতে একসঙ্গে বসবাস করছে এ জুটি। এমনকি যশ চোপড়াও তাঁর ছেলের জীবনে রানির আগমনকে স্বাগত জানিয়েছিলেন।
রানির বাংলোতে ঢুকতে বা সেখান থেকে বের হতে গিয়ে বেশ কয়েকবার আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দী হয়েছেন আদিত্য। কিন্তু তার পরও রানি সবকিছু গোপন করে চলেছেন। আদিত্য চান না বলেই তিনি এমনটা করছেন। তাঁদের ব্যক্তিগত জীবনের খবর নিয়ে বাইরে হইচই হোক—এটা কোনোভাবেই চান না আদিত্য।
গত বছর ‘আইয়া’ ছবির মুক্তির সময় রানিকে জিজ্ঞেস করা হয়েছিল, সত্যিই তাঁর বাংলোতে আদিত্য থাকেন কি না। প্রশ্নটি শুনে রানি তেলে-বেগুনে জ্বলে ওঠেন এবং বলেন, ‘কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টও আমার সঙ্গে থাকেন। প্রায় সময়ই আমার বাসায় তাঁকে ঢুকতে বা বের হতে দেখা যায়। তার মানে এই নয় যে, আমরা বিয়ে করেছি।’
নিউজরুম









