ঢাকা: রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জনতার প্রত্যাশা আয়োজিত ‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে সুরঞ্জিত আরও বলেন, “আদালতের স্কন্ধে (কাঁধে) চাপিয়ে নয়, বরং রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধাপরাধীদের দল ও প্রতিষ্ঠানগুলোর রাজনীতি করার অধিকার আছে কি না এর সিদ্ধান্ত আদালত নেবেন না। এ সিদ্ধান্ত রাজনৈতিক নেতাদেরকেই নিতে হবে। এটাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”
সুরঞ্জিত বলেন, “সময় এসেছে রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার। সময় এসেছে রাজনৈতিক দোদুল্যমানতা, ভীরুতা, কাপুরুষতা, সুবিধাবাদিতা ভুলে সিদ্ধান্ত নেওয়ার। এ সিদ্ধান্ত নিতে হবে মহাজোট সরকারকেই। এক্ষেত্রে তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”
যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করে সুরঞ্জিত বলেন, “৪২ বছর পরও তারা আমাদের নতুন প্রজন্মের রগ কাটে, জবাই করে। এখনো তারা আমাদের গৃহযুদ্ধের হুমকি দেয়। তাদের বলি, আপনাদের গৃহ কোথায়? গৃহযুদ্ধ করতে হলে পাকিস্তানে যান। সেখানে প্রতিনিয়ত গৃহযুদ্ধ হচ্ছে, কেউ না কেউ মারা যাচ্ছে। প্রতিদিন ১শ’, ২শ’ অথবা তার চেয়েও বেশি মানুষ মারা যাচ্ছে।”
খালেদা জিয়ার সিঙ্গাপুর সফর সর্ম্পকে তিনি বলেন, “খালেদা জিয়া শলা-পরামর্শ করতে সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি সেখানে যাচ্ছেন কতোটা শারীরিক, কতোটা মনের, নাকি রাজনৈতিক চিকিৎসার জন্য যাচ্ছেন- এটা তিনিই বলতে পারবেন।”
জনতার প্রত্যাশার সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ফজলুল হক, শাহজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
ফেব্রুয়ারি ১৯, ২০১৩







