বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৮ ফেব্রুয়ারী):আমরা কথার খাতিরে ‘মোবাইল-টোবাইল’ বলি। মোবাইল প্রযুক্তি হয়তো সবার পরিচিত, কিন্তু টো—বাইল? পায়ের জুতার সঙ্গে মোবাইল ফোন! ঠিকই শুনেছেন, বর্তমানে যুক্তরাজ্যের এক উদ্ভাবক জুতার সোলের সঙ্গে যুক্ত করেছেন মোবাইল ফোন। জুতা পায়ে হাঁটতে হাঁটতেই কথা বলা যায় বলে একে আবার অনেকেই বলছেন ‘ওয়াকি-টকি’!
সম্প্রতি এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, টো-বাইল প্রযুক্তি হচ্ছে জুতার সোলের সঙ্গে মোবাইল ফোন যুক্ত করার পদ্ধতি। যুক্তরাজ্যের ডিজাইনওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠানের নকশাবিদ, উদ্ভাবক শিন মাইলস জুতার সঙ্গে মোবাইল ফোন যুক্ত করার এ পদ্ধতি উদ্ভাবন করেছেন। তাঁর এ পদ্ধতিতে জুতার নীচে সোলের সঙ্গে যুক্ত থাকে মোবাইল ফোন। কথা বলতে হলে জুতা খুলে তা কানের কাছে ধরতে হয়!
গেজেট বা পণ্য রিসাইকেল প্রক্রিয়ার অংশ হিসেবেই এ প্রযুক্তির নকশা করেছেন সিন মাইলস। পুরোনো মোবাইল কীভাবে কাজে লাগানো যেতে পারে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি আর সৃজনশীলতা দেখাতেই তাঁর এ জুতা-ফোনের উদ্ভাবন।
এ প্রসঙ্গে সিন জানিয়েছেন, অনেক সময় মানুষ পুরোনো ফোন নিয়ে লজ্জায় পড়ে যায়। এ জুতা ফোন তাদের সে লজ্জা কিছুটা দূর করতে পারে।
এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, পরিধেয় প্রযুক্তিপণ্য যেমন পোশাকের সঙ্গে টুইট, প্রযুক্তির রোদ চশমা, হাতঘড়ির মতো নানা পণ্যের ব্যবহার বাড়ছে।এ তালিকায় দামি জুতার সঙ্গে মোবাইল ফোন থাকতে পারে।
এবার হয়তো ঠাট্টা করে বলা যাবে, শুধু মোবাইল ফোন কেনা কেন? একজোড়া জুতা কিনলেই তো হয়!
নিউজরুম









