বিনোদন ডেস্ক(১৮ ফেব্রুয়ারী): ১২ ফেব্রুয়ারি। শাহবাগ প্রজন্ম চত্বরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন তুঙ্গে। চারদিকে শুধু স্লোগান আর স্লোগান। রাতে সবার মধ্যে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন টিভির একটি পরিচিত মুখ। দূর থেকে খেয়াল করলে হয়তো ঠিক বোঝা যাবে না—কে? কিন্তু একটু কাছে যাওয়ার পর থমকে দাঁড়াতে হলো—রাখী!
হ্যাঁ, আন্দোলনকারীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে রাখীও স্লোগান দিচ্ছেন। পরে জানা গেল, ব্যাপারটি একটু দূর থেকে কোনো ক্যামেরা ধারণ করছে। শাহবাগ প্রজন্ম চত্বরে আন্দোলনের মধ্যেই টেলিছবির শুটিং হয়েছে। নাম সমীকরণ ’৭১। লিখেছেন ও পরিচালনা করছেন পার্থ সরকার।
রাখী বললেন, ‘আমি আগে কখনো মিছিলে যাইনি। কিন্তু সেদিন প্রজন্ম চত্বরে শুটিং করতে গিয়ে স্লোগান দিয়েছি। আর ওই সময় নিজের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করেছিল। বুঝতে পারছিলাম, লাখো মানুষের সেই দাবির প্রতি সমর্থন যেন আমার কণ্ঠ থেকেও বের হচ্ছে।’
পার্থ জানান, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তাঁর এই টেলিছবির গল্প। এর কিছু অংশের শুটিং হয়েছে শাহবাগে প্রজন্ম চত্বরে। টেলিছবিতে আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, এ কে আজাদ, সোহেল খান প্রমুখ। শিগগিরই তা প্রচারিত হবে চ্যানেল আইয়ে।
নিউজরুম









