সাংবাদিক সমাজ সব সময়ই শক্তিশালী ও একতাবদ্ধ

0
275
Print Friendly, PDF & Email

বগুড়া: সাংবাদিক সমাজ সব সময়ই শক্তিশালী ও একতাবদ্ধ। তাই ইচ্ছেমতো পত্রিকা অফিস ভেঙে বা হামলা চালিয়ে সাংবাদিক ঐক্যে ফাটল ধরানো সম্ভব নয়। অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিক সমাজ আগেও এক ছিল, বর্তমানেও আছে,ভবিষ্যতেও থাকবে।

দৈনিক নয়া দিগন্তের ঢাকার প্রধান কার্যালয়সহ জুরাইনের প্রেসে ভাংচুর ও অগ্নিসংযোগ ও কর্মচারীদের মারপিট করার প্রতিবাদে বুধবার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন, বগুড়া (জেইউবি) আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন জেইউবির সভাপতি ও  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব মীর্জা সেলিম রেজা।

তিনি অভিযোগ করে বলেন, “১২ ফেব্রুয়ারি ক্ষমতাসীন দলের মদদপুষ্ট সশস্ত্র দুষ্কৃতকারীরা নয়া দিগন্ত অফিস ও এর প্রেস কার্যালয়ে নগ্ন হামলা করে চরম অন্যায় করেছে। কিন্তু অগ্নিসংযোগ, ভাংচুর, হামলা করে শুধু নয়া দিগন্ত নয়, কোনো পত্রিকাই বন্ধ করা সম্ভব নয়। অতীতেও সরকার গণমাধ্যমের টুটি চেপে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।”
 
পত্রিকা বা সংবাদ মাধ্যমের সঙ্গে গণতন্ত্রের অগ্রযাত্রা জড়িত উল্লেখ করে তিনি বলেন, “সংবাদ মাধ্যমের গতি ব্যাহত হলে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত থাকে না। বঙ্গবীর কাদের সিদ্দিকী, শফিক রেহমান, ফরহাদ মাজহারের মতো গুণী ব্যক্তি নয়া দিগন্ত পত্রিকার লেখক ও পাঠক। সুতরাং এ পত্রিকায় হামলা মানে গণতন্ত্র ও স্বাধীনতা আন্দোলনের এসব বীর সেনানীদের ওপর হামলা।” এ হামলা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার করার দাবিও করেন তিনি।

প্রতিবাদ সমাবেশে সংগঠনের সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, বিএফইউজের নির্বাহী সদস্য মহসীন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আব্দুর রহিম হিরু, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওয়াসিউর রহমান রতন ও রেজাউল হক বাবু, নয়া দিগন্ত বগুড়া অফিস ইনচার্জ আতাউর রহমান মিলন, জেইউবি’র সাবেক সাধারন সম্পাদক এফ. শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক ও দিনকালের ব্যুরো চীফ কালাম আজাদ, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও নয়াদিগন্তের ষ্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, আমার দেশ পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও বগুড়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক আসাদুজ্জামান ফিরোজ সাংবাদিক নেতা রাহাত রিটু, দৈনিক সংগ্রামের বগুড়া অফিস প্রধান ও বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোমিনুর রশিদ সাইন, নয়া দিগন্তের ফটো সাংবাদিক বজলুর রশিদ সুইট, সাংবাদিক নেতা সবুর শাহ লোটাস, বগুড়া প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, জেইউবি’র সহ-সভাপতি আতিকুর রহমান খান মিন্টু, দৈনিক সাতমাথার চিফ রিপোর্টার আব্দুল ওয়াদুদ, সাংবাদিক ইসরাত জাহান মনি, জাফর আহমেদ মিলন প্রমুখ।

 ফেব্রুয়ারি ১৪, ২০১৩ 

শেয়ার করুন