স্পোর্টস ডেস্ক(১০ ফেব্রুয়ারী): কোথাও না কোথাও তালটা কেটে গেছে। কোথাও না কোথাও ছন্দপতন। রাখঢাক করে লাভ নেই। ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য পুরোনো বিতর্কে গেলেন না। তবে চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য ইউরোপের সবচেয়ে সফল দলটিকেই যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে, সেই তথ্য আরও একবার মনে করিয়ে দিলেন সতীর্থদের। জানালেন, ১০ নম্বর ইউরোপ সেরার ট্রফিটা অবশ্যই আসবে। তবে এর জন্য লড়তে হবে কাঁধে কাঁধ মিলিয়ে।
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার ইউনাইটেড লড়াই যত ঘনিয়ে আসছে, তাঁর ওপর মনোযোগের আলোর তীব্রতাও যেন ততই বাড়ছে। রোজ রোজ নানা জায়গায় সাক্ষাৎকার দিতে হচ্ছে। উয়েফার অফিশিয়াল সাময়িকীকে রোনালদো বলেছেন, ‘দশম শিরোপাটি জেতার ব্যাপারে রিয়াল মাদ্রিদের অবশ্যই একটা দৃঢ় লক্ষ্য থাকা উচিত। এটা সব সমর্থকের চাওয়া। আমরাও সেই চেষ্টা করছি। আমরা জানি, এটা খুবই কঠিন একটা কাজ। তবে দল এর জন্য প্রস্তুত। আমাদের সবাইকে একই লক্ষ্যের দিকে কাঁধ মিলিয়ে এগোতে হবে। এটাই ঘটবে।’
ইকার ক্যাসিয়াস ছিটকে পড়ার পর নেতৃত্বের ভার গত কয়েক ম্যাচে তাঁকেই সামলাতে দেখা গেছে। রোনালদো যোগ্য নেতার মতোই কথা বলছেন। এমনকি তাঁকে নিয়ে দ্বিধার সামান্য ধুলোটুকুও ঝেড়ে ফেলতে প্রত্যয় নিয়ে বললেন, রিয়ালে তিনি সুখেই আছেন। এর আগে নিজেকে অসুখী ঘোষণা করা এই পর্তুগিজ তারকা এএসকে বলেছেন, ‘হ্যাঁ, কিছু কিছু পরিবর্তন তো এসেছেই। কারণ, আমি যেটা করতে সবচেয়ে ভালোবাসি—ফুটবল খেলা, সেটাই এখন করছি। মাঠে এবং মাঠের বাইরে সতীর্থদের সঙ্গে সময়টা বেশ উপভোগ করছি। সম্ভবত আমি নিজেও এখন আমার চিন্তা করার আদল, নিজেকে উপস্থাপন করার ধরনও পাল্টেছি। এই মুহূর্তে আমি সেই সময়টার চেয়ে অনেক ভালো আছি।’
রিয়ালে কেন অসুখী ছিলেন, এখন কেনই বা সুখী—এর কোনো ব্যাখ্যা দেননি। তবে স্পষ্ট করে দিয়েছেন, যেমনটা ফলাও করে বলা হয়েছে, এর পেছনে টাকা কোনো কারণই ছিল না। রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি অনেক দিন থেকে ঝুলিয়ে রাখা রোনালদোর বক্তব্য, ‘এ নিয়ে আমি কোনো কথা বলব না। আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ আর কোপা ডেল রে জেতা।চুক্তি বাড়ানোর বিষয়টি আমাকে ভাবায় না। এখন আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো দল। এটা নিয়ে আমরা মৌসুমের পরেও কথা বলতে পারব। আমার ছেলের নামে দিব্যি কেটে বলছি, টাকা আমার অসুখী হওয়ার কোনো কারণই ছিল না।’ ওয়েবসাইট।
নিউজরুম









