খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার বিচার করা যায়: সুরঞ্জিত

0
187
Print Friendly, PDF & Email

ঢাকা (১ফেব্রুয়ারী) : ওয়াশিংটন টাইমস পত্রিকায় প্রকাশিত খালেদা জিয়ার নিবন্ধের নানা বক্তব্যে তার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার বিচার করা যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত।

শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে জনতার প্রত্যাশা আয়োজিত ‘চলমান রাজনীতি: বর্তমান সরকারের অগ্রযাত্রা ও বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ওয়াশিংটন টাইমস পত্রিকার মাধ্যমে দেশে বিদেশি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বিভীষণের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে নেওয়া শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন।”

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, “বিদেশিদের দিয়ে নয় বরং দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান দেশেই আলোচনা করে করতে হবে। গণতন্ত্রকে হত্যা করতে বিভ্রান্তির পথ পরিহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কোনো তরিকার মাধ্যমে ক্ষমা চাইলে হবে না, নিজেকেই ক্ষমা চাইতে হবে।”

জনগণকে জিম্মি করে ও পুলিশের ওপর আক্রমণ করা কিসের আলামত? এমন প্রশ্ন রেখে সুরঞ্জিত জামায়াত-শিবিরের কর্মকাণ্ড সর্ম্পকে তিনি বলেন, “হরতাল জামায়াত-শিবিরের একার নয় বরং ১৮ দলীয় জোটের। তারা গণতন্ত্রের পথ থেকে দূরে সরে গেছে। তাদের বিচারের আওতায় আনতে হবে।”

তিনি বলেন, “বিচারাধীন বিষয় নিয়ে রাজনৈতিক আন্দোলন হয় না। এটা করা মানে বিচার বিভাগ ও সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করা। গণতান্ত্রিক দল দাবি করলে সংবিধানের প্রতি আনুগত্য থাকতে হবে। জামায়াত গণতান্ত্রিক দল নয়।”

সুরঞ্জিত সেন বলেন, “২০১৩ সালের যুদ্ধে জামায়াত পরাজিত হবে, জনগণ বিজয়ী হবে। এ বছরের মধ্যেই বিচার সম্পন্ন হবে এবং রায় কার্যকর করা হবে।”

আয়োজক সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আবাহনী লিমিটেডের পরিচালক শেখ জাহাঙ্গীর আলম।

নিউজরুম

শেয়ার করুন