স্পোর্টস ডেস্ক(৩১ জানুয়ারী): কিছুদিন আগে জানা গিয়েছিল বার্সেলোনার হয়ে কথা বলতে এক এজেন্ট এসেছেন ঢাকায়। স্প্যানিশ দলটিকে ঢাকায় আনতে তখন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কথাবার্তাও হয়। তারপর লম্বা একটা বিরতি।
বার্সেলোনার মতো দলকে ঢাকায় আনতে টাকা একটা বড় সমস্যা। বাফুফের হাতে ৩০-৪০ কোটি টাকা নেই যে ইচ্ছে হলেই বার্সাকে আনা যাবে। কিন্তু সালাউদ্দিন এত দিন চুপ থাকলেও খোদ বার্সেলোনার পক্ষ থেকেই এবার সরাসরি যোগাযোগ করা হয়েছে তাঁর সঙ্গে।
হঠাৎ করেই গত মঙ্গলবার রাতে বাফুফে সভাপতি ফোন পান বার্সেলোনার। আগামী আগস্টে ঢাকা আসতে বার্সেলোনা চেয়েছে ৩ মিলিয়ন ইউরো, যা প্রায় ৩৩ কোটি টাকার সমান।আন্তর্জাতিক ফুটবলে এই টাকা এমন কিছু নয়। তবে বাংলাদেশের জন্য বিশাল।সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফে যেহেতু মেসিসহ পুরো শক্তির আর্জেন্টিনাকে এনেছে, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ হয়েছে, কাজেই বার্সেলোনাকে আনা অসম্ভব নয়।
‘বার্সার সঙ্গে সম্পৃক্ত এক এজেন্ট সরাসরি ফোনটা করেন আমাকে। আগামী আগস্টে বার্সা ঢাকায় আসতে চায়। আমরা হ্যাঁ বললেই প্রক্রিয়াটা এগোবে। আমরা ব্যাপারটা নিয়ে ভাবছি’—কাল বলছিলেন সালাউদ্দিন।
‘হ্যাঁ’ বলেছেন কি না জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘বার্সেলোনার নিজেদের থেকে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ অনেক বড় ঘটনা। এখন তিন মিলিয়ন ইউরো কীভাবে সংগ্রহ করব, সেটাই চিন্তার। সরকারের সঙ্গে কথা বলব।দেখা যাক কী করা যায়। আমি বিষয়টা নাকচ করিনি।’
প্রসঙ্গত, মেসিসহ পুরো আর্জেন্টিনা দল আসার আগেও টাকাই ছিল বড় চিন্তা। সেই অধ্যায় সফলভাবে পার করেছে বাফুফে। যদিও অনেক ঘটনা আছে নেপথ্যে। সে যা-ই হোক, এই ধরাধামের সেরা ফুটবলারটিকে চাক্ষুষ তো করা হয়েছে ঢাকার দর্শকদের!
এবার যদি বার্সেলোনা আসে, তাহলে তারায় তারায় ভরা এক দলই নেমে আসবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জাভি, ইনিয়েস্তা, পুয়োল, পিকে, পেদ্রো, ভিয়া, ফাব্রিগাসদের একসঙ্গে দেখা তো স্বপ্নের চেয়েও বেশি কিছু।
তবে বার্সা এলে কার সঙ্গে খেলবে, সেটা দেখার বিষয়। প্রতিপক্ষ হিসেবে অন্য কোনো বড় দল আনতে হলে বাফুফের জন্য সেটিও হবে অনেক টাকার ধাক্কা। সালাউদ্দিন স্বপ্ন দেখতে ভালোবাসেন। তাই বলছেন, ‘আমি স্বপ্নবাজ মানুষ। অনেকে আমাকে পাগল বলে। বললে বলুক। বার্সেলোনাকে আনতে শেষ চেষ্টা করে যাব।’ বার্সার ঢাকায় আসার আগ্রহের খবরটা ছড়িয়ে পড়তেই একটা চাঞ্চল্য তৈরি হয়েছে চারদিকে। মেসির আর্জেন্টিনার সফরের কারণে বাংলাদেশ বিশ্ব ফুটবলে ভালোই প্রচার পেয়েছে। তারই সুফল বার্সার এই আগ্রহ প্রকাশ।
এদিনই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বাফুফের সিলেট একাডেমি নিয়ে সভা হয়েছে বাফুফে ও মন্ত্রণালয়ের মধ্যে। সেখানে উপস্থিত সালাউদ্দিন বার্সেলোনার প্রস্তাব নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে কথা বলেন। একাডেমির জন্য সরকার দুই কোটি টাকা দিয়েছে বাফুফেকে।
একাডেমির অর্থায়নের একটা চিন্তা দূর হয়েছে। নতুন চিন্তা বার্সেলোনাকে আনতে টাকার জন্য ঝাঁপানো।
নিউজরুম











